খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যদের উপস্থিতি

0
120

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়। বৈঠকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিতকরণ এবং তার মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পরিবার ও দল এ বিষয়ে অবগত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট বাড়ে। পরদিন ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং আরও কিছু জটিলতা রয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ–সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরে রোববার ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here