৮ কুকুরছানা হত্যা মামলার আসামি গৃহবধূ নিশি রহমানের জামিন মঞ্জুর

0
132

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার অভিযোগে কারাগারে থাকা নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি-২ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষকে সহায়তা করা আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ৩ ডিসেম্বর নিশি রহমানকে ঈশ্বরদী থানা থেকে পাবনা আমলি আদালতে তোলা হলে আদালত প্রথমে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তখন তার সঙ্গে দুই বছরের শিশু সন্তানও ছিলেন। নিশি রহমানের স্বামী হাসানুর রহমান নয়ন জানান, *“আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে তাকে কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। রোববার শুনানি শেষে জামিন হয়েছে।”* অভিযুক্ত নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা জানান, জামিনযোগ্য অপরাধ হওয়ায় এবং নারী বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করেছেন। পরবর্তী হাজিরার তারিখ ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, *“এখন মামলার তদন্ত চলবে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। তদন্ত সঠিকভাবে না হলে আমরা ‘না রাজি’ আবেদনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। আমরা চাই, তদন্ত সঠিকভাবে সম্পন্ন হোক এবং ঘটনার যথাযথ শাস্তি নিশ্চিত হোক।”* পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW) স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। *“সঠিক বিচারের স্বার্থে মামলাটি নিয়মিতভাবে এগিয়ে নিতে হবে। আমাদের প্রতিবাদ ব্যক্তিগত নয়, বরং নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে। এই ধরনের ঘটনার শাস্তি হলে সমাজে সতর্কতা বাড়বে।”* ঘটনার পেছনের তথ্য অনুযায়ী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় ‘টম’ নামে একটি কুকুর থাকত। সম্প্রতি টম ৮টি কুকুরছানা প্রসব করে। ১ ডিসেম্বর সকালে ছানাগুলো নিখোঁজ হতে দেখা যায়। পরে জানা যায়, নিশি রহমান ৩০ নভেম্বর রাতে বস্তায় ভরে কুকুরছানাগুলো উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এরপর, ২ ডিসেম্বর নিশি রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনের আগে নিশি রহমান জানান, *“কুকুরছানাগুলো সিঁড়ির পাশে থাকত। সন্তানদের অতিরিক্ত জ্বালাতন করা ভেবে বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে শজিনা গাছের গোড়ায় ফেলে এসেছি। অসাবধানতাবশত হয়তো পুকুরে পড়ে গেছে। মারার জন্য রাখিনি।”* ঘটনার পর, সন্তানহারা মা কুকুরটিকে নতুন চারটি কুকুরছানা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মা কুকুরটি নতুন ছানাগুলোকে আগলে রেখে দুধ খাওয়াচ্ছে এবং আগের মতো যত্নে তাদের লালন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here