ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া

0
148

অস্ট্রেলিয়ার **নিউ সাউথ ওয়েলস** ও **তাসমানিয়া**তে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং নিউ সাউথ ওয়েলসে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে—খবর দিয়েছে রয়টার্স। কর্তৃপক্ষ জানায়, সিডনির উত্তরের তৃণভূমি এলাকায় আগুন নেভাতে কাজ করার সময় একটি গাছ পড়ে ৫৯ বছর বয়সী ওই দমকল কর্মী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী **অ্যান্টনি আলবানিজ**। গত সপ্তাহান্তে নিউ সাউথ ওয়েলসের **সেন্ট্রাল কোস্ট** এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ১৬টি বাড়ি ধ্বংস হয়। সাড়ে তিন লাখ মানুষের বসবাসের ওই এলাকায় অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। কুলইওং শহরের বাসিন্দা **রোশেল ডাউস্ট** জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে, বাড়ি বাঁচাতে গিয়ে তার স্বামীও জীবন ঝুঁকিতে পড়েছিলেন। রোববার (৭ ডিসেম্বর) রাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার কিছু এলাকায় তাপমাত্রা **৪০ ডিগ্রি সেলসিয়াস** ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত রাজ্যের তৃণভূমি এলাকায় **৫০টির বেশি দাবানল সক্রিয়** ছিল। তাসমানিয়ায়ও বড় দাবানল ছড়িয়ে পড়েছে। রাজধানী **হোবার্টের** উত্তর-পূর্বে **ডলফিন স্যান্ডস** এলাকায় ১৭২৯ একর জমিতে আগুনে ১৯টি বাড়ি ধ্বংস ও আরও ৪০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও এলাকাটি এখনও বিপজ্জনক হওয়ায় বাসিন্দাদের ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল। তাপমাত্রা বেশি থাকায় এ সময়ে প্রায়ই বড় ধরনের দাবানল দেখা দেয়। চলতি বছরও তীব্র গরমের কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here