
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে দেশের সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার—অনলাইন ও অফলাইন—১২ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি কমিটি। সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। নির্দেশনা অনুযায়ী, ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। এর আগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন আনা হয়েছে। আগে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ে ১৪টি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে এবং ৩টি মেডিকেলে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। ফলে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি। অন্যদিকে বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজে আরও ২৯২টি আসন কমানো হয়েছে, যার ফলে বেসরকারি খাতের মোট আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।
