
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষণও প্রায় চূড়ান্ত। আগামী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, *“আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করবে কমিশন। রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”* তিনি আরও জানান, তফসিল ঘোষণা ভাষণের মাধ্যমেই প্রচার করা হবে, এজন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি সচিবালয়। সময় খুবই সীমিত, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনই জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হতে পারে। ইসি সূত্র জানায়, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিকেলে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু সম্পন্ন হলে সেদিনই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। আর কোনো কারণে বুধবার ঘোষণায় বাধা এলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম জাতীয় নির্বাচন, যা কমিশনের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
