
পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের জন্য নির্মিত মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত ওই মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দলীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করে। এর মধ্যে পটুয়াখালী-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পান শহীদুল আলম তালুকদার। মঙ্গলবারই তিনি ঢাকায় থেকে বাউফলে পৌঁছে দুপুরের দোয়া-মোনাজাত ও জনসভায় যোগ দিয়ে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাবলিক মাঠে নির্মিত মঞ্চেই রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, *“শহীদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কিছু লোক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু মঞ্চে আগুন দিয়ে জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ এখনও আমাদের সঙ্গেই রয়েছে।”* বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখছে।
