
বিপিএল শুরুর আগেই স্কোয়াডকে আরও শক্তিশালী করতে নতুন এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস। বুধবার (১০ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, ঢাকার জার্সিতে খেলতে আসছেন আফগানিস্তানের পেসার জিয়া শরিফি। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৩১টি টি–টোয়েন্টিতে জিয়ার শিকার ৩৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দিচ্ছেন তিনি। বিপিএলে এটাই তার অভিষেক। এর আগেই নিলামের আগে সরাসরি চুক্তিতে সাইফ হাসান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস ও উসমান খানকে দলে নিয়েছে ঢাকা। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফেও রয়েছে চমক। নতুন মৌসুমের জন্য টবি রেডফোর্ডকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী কোচ হয়েছেন গোলাম মুর্তজা, যার দেশের বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে মেন্টর হিসেবে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন মাহবুব আলি জ্যাকি।

