
-সাদা কালো ডেস্কঃ
চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬: ডিসি পার্কে নতুন রূপে বর্ণিল আয়োজন, শুরু হচ্ছে ৯ জানুয়ারি শুক্রবার থেকে,চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর বিস্তৃত এলাকা জুড়ে গড়ে উঠা ডিসি পার্ক এবার নতুন রূপে সাজিয়েছে নিজেকে। দেশের বৃহত্তম চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬ আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মাসব্যাপী এই আয়োজনটি এবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ডিসি পার্কের মনোমুগ্ধকর পরিবেশে এবার দেশি ও বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল সাজানো হয়েছে। ফুলের সঙ্গে যুক্ত হয়েছে নানা আকর্ষণীয় স্থাপনা, যা দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি এবং ফ্লাওয়ার টি– এই সব নতুন সংযোজন পার্কের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করেছে।প্রতি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের লাইনআপও দেখার সুযোগ পাবেন। আয়োজকরা জানিয়েছেন, উৎসবের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এবারের উৎসবে একটি বিশেষ স্টল রাখা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর প্রচারণার জন্য, যা নাগরিকদের জন্য তথ্যবহুল ও শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠান পরিচালনা করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, “এ বছরের চট্টগ্রাম ফুল উৎসব দর্শনার্থীদের জন্য হবে এক আনন্দঘন, শিক্ষণীয় এবং বিনোদনমূলক আয়োজন। প্রতিবারের মতো এবারও আমরা চেষ্টা করেছি পার্ককে নতুনভাবে সাজানোর এবং নতুন আকর্ষণ যোগ করার। আশা করি দর্শনার্থীরা আনন্দের সঙ্গে ফুলের সৌন্দর্য উপভোগ করবেন।” উৎসবের এই আয়োজন শুধুমাত্র ফুলের সৌন্দর্য দেখার জন্য নয়, বরং এটি একটি পরিবার-ভিত্তিক বিনোদন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা হিসেবে আয়োজন করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী দর্শনার্থীরা মাসব্যাপী এই উৎসব থেকে আনন্দ ও স্মৃতিময় মুহূর্ত সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬ এবার ডিসি পার্ককে পরিপূর্ণভাবে প্রাণবন্ত করেছে—ফুলের রঙ, সুগন্ধ, লেজার লাইট শো, সাংস্কৃতিক মঞ্চ, ভিআর গেম ও নানা ধরনের ফেস্টিভ্যাল সমন্বয়িত এই আয়োজনকে করে তুলেছে এক অপূর্ব আনন্দের মেলবন্ধন

