শিক্ষায় মেধার স্বীকৃতি: হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান-

0
188

চট্টল চিত্র ডেস্কঃ
শিক্ষা, মানবিকতা ও মেধা বিকাশের অঙ্গীকারে হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ঐতিহ্যবাহী জুলাই বিপ্লব হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। হাজী মোস্তফা বেগমের স্মৃতিকে ধারণ করেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।” অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাশেম। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারি উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নৈতিকতার বিকাশ ঘটায়, যা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাবে।” প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি শিক্ষার সঙ্গে নৈতিকতা ও দায়িত্ববোধের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলে নয়, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. জামশেদুল আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার এম এ মন্নান, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ওসমান গনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ফেরদৌস ওয়াহিদ, ডা. শাহজাহান, বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আবুল কাশেম ও জসিম উদ্দিন। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা বিস্তারে সমাজের সকল স্তরের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের মহাসচিব রাকিব চৌধুরী। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এমন উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াবুল হাসান জিয়া, সানজুমা আক্তার ও সাইফুর রহমান আদিল। সুশৃঙ্খল ও সাবলীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরস্কার বিতরণ পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জিনিয়াস প্লাস, জিনিয়াস, ট্যালেন্ট ও জেনারেল—এই চারটি ক্যাটাগরিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদান, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। সমগ্র আয়োজনটি শিক্ষায় মেধার স্বীকৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে প্রশংসিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here