
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধন হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত প্রবাসীদের পাঠানো ব্যালট ডাকযোগে দেশে পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদেশ থেকে মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন এবং ভোট প্রদান শেষে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। ইসি সূত্র জানায়, ব্যালট গ্রহণের পর দ্রুত ভোট প্রদান করে নিকটবর্তী পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। বিধি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না। এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিপুলসংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও তিন শ্রেণির ভোটার এই সুবিধা পাচ্ছেন। তারা হলেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিনই সাধারণ ভোটগ্রহণের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট গণনা করা হবে।

