
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখা কক্সবাজারের পেকুয়ার এক যুবককে অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৪ জুন) ভোরে তিনি বাংলাদেশে পৌঁছান। সকাল ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেকুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তাকে গ্রহণ করেন। ফিরে আসা যুবক হলেন পেকুয়া পৌরসভার বাংলাপাড়া এলাকার নাছির উদ্দীন সিকদার ও রাজিয়া সুলতানা (কল্পনা) দম্পতির ছেলে নাবিদুল ইসলাম ফাহিম ওরফে বাপ্পু (২৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ জুলাই একটি মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাপ্পুকে ইতালি পাঠানোর কথা বলে। পরে তাকে বাংলাদেশ থেকে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। চক্রটির দাবির মুখে পরিবার তিন দফায় মোট ৩৬ লাখ টাকা পরিশোধ করলেও তারা আরও অর্থ দাবি করতে থাকে। একপর্যায়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বাপ্পু মানবপাচারকারী চক্রের নির্যাতনের শিকার হয়েছেন এবং অমানবিক পরিস্থিতিতে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন।

