
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসানোর অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম কালবেলাকে জানান, বাড়িটি পুলিশের এক কর্মকর্তা ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলার অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

