
চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত মো. রাজ্জাক ওরফে চিকনা রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে নিয়ে তিনিই প্রথম অফিসে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে চান্দগাঁও থানার সিএমবি টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেটের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে চাঁদা দাবি করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। কলকারীরা নিজেদের ডেভিড ও ইমন পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
এর দুই দিন পর, ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার থানাধীন ১২১ মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএন অফিসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায় বলে জানায় পুলিশ।
এ সময় অফিসের আসবাবপত্র, প্রবেশপথের কাচের দরজা এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাক ওরফে চিকনা রাজুকে শনাক্ত করা হয়। ফুটেজে তাকে দেশীয় অস্ত্র হাতে প্রথমে অফিসে প্রবেশ করে কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করতে এবং পরে সহযোগীদের নিয়ে অফিসের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করতে দেখা যায় বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার রাজ্জাকের স্থায়ী ঠিকানা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরের ফরাজী বাড়ি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার টেকবাজার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করতেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

