
সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখার পরও হ্যাকিংয়ের শিকার হয়েছে জনতা ব্যাংকের ওয়েবসাইট। সাইটটির অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সেগুলো মেরামতে কাজ করছেন ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) বেলা ১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
জনতা ব্যাংকের আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে সময় লাগছে। আজকের মধ্যেই ওয়েবসাইটটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর সরকার জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।
বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট তখনও সচল করা যায়নি।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শও দেওয়া হয়।

