সড়কে নিরাপত্তা নিশ্চিতে মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান বিএসটিআইর

0
20

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের গুরুতর আঘাত এবং মৃত্যুঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নিম্নমানের হেলমেট ব্যবহারে নিরুৎসাহিত করা এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিএসটিআই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি হেলমেট কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন ও প্রয়োজনীয় তথ্য যাচাই, নিম্নমানের হেলমেট পরিহার এবং সড়কে চলাচলের সময় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

বিএসটিআই জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীদের গুরুতর আঘাত এবং প্রাণহানির ঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট গুরুত্বপূর্ণ সুরক্ষাসামগ্রী। নিম্নমানের, অনুপযুক্ত ও সস্তা হেলমেট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে। তাই হেলমেট কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশে বর্তমানে ৩৩৫টি পণ্য বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত। এসব পণ্যের মধ্যে মোটরসাইকেল ও শিল্পকারখানায় ব্যবহৃত হেলমেটও রয়েছে। সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ এবং মানসম্পন্ন পণ্য ব্যবহারের গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বিএসটিআই ও ডিএমপির যৌথ এ উদ্যোগে মোটরসাইকেল চালক, আরোহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, সচেতনতা বৃদ্ধি ও মানসম্পন্ন সুরক্ষাসামগ্রী ব্যবহারের মাধ্যমে সড়কে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here