৭ এপিবিএন খাগড়াছড়ি ক্যাম্পে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

0
7

শৃঙ্খলা ভঙ্গ, অনলাইন জুয়া ও মাদকে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অধিনায়ক এ আর এম আলিফের

৭ এপিবিএন, সিলেটের খাগড়াছড়ি ক্যাম্পে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ।

সভায় খাগড়াছড়ি ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিনসহ ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন শরিফ থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা করেন কনস্টেবল বাহার উদ্দিন।

সভায় ক্যাম্পের সার্বিক শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন অধিনায়ক এ আর এম আলিফ। তিনি ক্যাম্পের সব স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী সদস্যদের যথাযথ টার্নআউট নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সদস্যদের আনুপাতিক হারে ছুটি ভোগের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ছুটি প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্যাম্পে সরবরাহ করা খাবারের মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বজায় রাখতে হবে। খাবারের মানে কোনো ধরনের ব্যত্যয় দেখা দিলে তা লিখিতভাবে ক্যাম্প কমান্ডারকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।

শৃঙ্খলার বিষয়ে অধিনায়ক বলেন, সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে। কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও অরাজকতা সৃষ্টির সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে কোনো সদস্য জড়িত থাকলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের বিষয়েও সভায় আলোচনা করা হয়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাস্তব দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সদস্যদের নির্দেশ দেন অধিনায়ক।

সভা শেষে সব সদস্যকে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here