টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

0
23

৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত সরবরাহে ঘাটতি, কমবে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট

সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ রক্ষণাবেক্ষণ চলাকালে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বাভাবিক চাপ বজায় রাখা কঠিন হতে পারে। বিশেষ করে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতের গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here