আহারে মানবতা! ফুটপাতে পড়ে থাকা দুই শিশুর এই অসহায়ত্ব কি আমাদের বিবেককে একটুও নাড়া দেয় না?

0
19
একটি ছোট্ট বোন, আর তার বুকের কাছে জড়িয়ে থাকা অবুঝ শিশুভাই!
ছবিটির দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। ফুটপাতের কঠিন মেঝেতে শুয়ে আছে দুটি নিষ্পাপ শিশু। একটু বড় বোনটি নিজের ছোট্ট শরীর দিয়ে আগলে রেখেছে তার অবুঝ শিশুভাইকে। যেন পৃথিবীর সব বিপদ থেকে ভাইটিকে রক্ষা করার দায়িত্ব একাই তার কাঁধে! অথচ সেও তো শিশু, তারও তো মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর কথা।
আহারে! এই ছোট্ট মেয়েটির মা কোথায়? বাবা কোথায়? কোন পরিচয়ে তারা এই পৃথিবীতে বেঁচে আছে? কী এমন নিষ্ঠুর বাস্তবতা তাদের শৈশব কেড়ে নিয়ে ফুটপাতের ধুলোবালিতে এনে শুইয়ে দিয়েছে?
যে বয়সে তাদের হাতে থাকার কথা খেলনা, বই-খাতা, যে বয়সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে আবদার করার কথা, সেই বয়সে বড় বোনটি নিজের বুকের কাছে ভাইকে জড়িয়ে ধরে পড়ে আছে রাস্তায়। হয়তো তার নিজেরও ক্ষুধা পেয়েছে, হয়তো সেও ক্লান্ত, হয়তো তারও চোখে ঘুম। তবু ভাইটিকে ছেড়ে দেয়নি। এই ছোট্ট শিশুটি হয়তো জানেও না, পৃথিবীতে নিরাপত্তা দেওয়ার জন্য মা-বাবা নামের দুটি আশ্রয় থাকে। সে শুধু জানে, ভাইটিকে আগলে রাখতে হবে।
কী নির্মম এই পৃথিবী! কী ভয়াবহ আমাদের সামাজিক বাস্তবতা! আমরা কত আয়োজন করি, কত উৎসব করি, কত অর্থ ব্যয় করি নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য। অথচ আমাদেরই চোখের সামনে দুটি নিষ্পাপ শিশু এমন অসহায় অবস্থায় পড়ে থাকে!
সমাজের বিত্তবান মানুষ, মানবাধিকারকর্মী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার কাছে প্রশ্ন, এই শিশু দুটির খোঁজ কি কেউ নেবেন না? তাদের মা-বাবা বা অভিভাবকের পরিচয় কি জানা যাবে না? তাদের মাথার ওপর নিরাপদ ছাদ, মুখে দুবেলা খাবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার কি কেউ নেই?
মনে রাখবেন, শিশুরা কখনো অসহায় হয়ে জন্মায় না; আমাদের অবহেলা, দায়িত্বহীনতা ও সামাজিক ব্যর্থতাই তাদের অসহায় করে তোলে।
এই ছোট্ট বোনটির ভাইকে জড়িয়ে ধরে থাকার দৃশ্যটি যেন হাজারো প্রশ্ন ছুড়ে দেয় আমাদের বিবেকের কাছে। আহারে! এমন দৃশ্য দেখেও যদি আমাদের হৃদয় কেঁপে না ওঠে, চোখ ভিজে না যায়, তাহলে মানুষ হিসেবে আমাদের মানবিকতার মূল্য কোথায়?
আসুন, শুধু ছবিটি দেখে দীর্ঘশ্বাস না ফেলি। শিশু দুটির পরিচয় ও অবস্থান খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াই। তাদের শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।
শিশু দুটির জন্য বুকভরা ভালোবাসা ও দোয়া। ওদের জীবনেও একদিন নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার আর নির্মল হাসি ফিরে আসুক।
— মো. কামাল উদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here