
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ১১ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিনের ছুটি পাওয়া যাবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং পরে আরও দুই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে এ ঈদে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ হিসাবে ২০২৭ সালে দুই ঈদ উপলক্ষে মোট ১১ দিনের ছুটি উপভোগের সুযোগ থাকছে সরকারি চাকরিজীবীদের।

