
চট্টগ্রামে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে এ উন্মুক্ত সেশনের আয়োজন করা হয়। সেশনে সিএমপি কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সেবা প্রদান এবং পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তিনি চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরীর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং অপরাধ প্রতিরোধে সিএমপির গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নবীন কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিএমপি কমিশনার বলেন, জনবান্ধব প্রশাসন ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিক যোগাযোগ অপরিহার্য। পুলিশ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময়কালে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএমপি কমিশনার। পাশাপাশি নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিনসহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

