
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান। গত ৪ নভেম্বর এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেন দুটি দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিরতি দেবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর ফলে ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।

