
বছরের শেষ প্রান্তে এসেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু ও হামের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষ করে ডেঙ্গু দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছেন ১ হাজার ২৭৬ জন। সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৬১ হাজার।
তথ্য-উপাত্ত বলছে, শীতের মৌসুম শুরু হলেও ডেঙ্গুর সংক্রমণে উল্লেখযোগ্য কোনো ভাটা পড়েনি। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। একইভাবে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনাও থামছে না। ফলে বছরের বাকি সময়জুড়েও এই দুই রোগ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিন দেড় হাজারের কাছাকাছি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে, হামের ক্ষেত্রে প্রতিদিন নতুন করে এক হাজারের বেশি সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষ উদ্বেগের বিষয় হলো, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামে মৃত্যুর তুলনায় অনেক বেশি।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল মৌসুমি উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত মশকনিধন কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে বিপৎসংকেত চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার, বাদপড়া শিশুদের টিকার আওতায় আনা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং সংক্রমণ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ডেঙ্গু পরিস্থিতিকে কোনোভাবেই শুধু মৌসুমি সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ দীর্ঘায়িত হচ্ছে। ফলে শীতকালেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা জরুরি। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বছরের শেষ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে।
জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল বলেন, হামের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। হাম প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা টিকাদান কার্যক্রমের ঘাটতি ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
তিনি বলেন, যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। সংক্রমণপ্রবণ এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে অপুষ্টি ও অন্যান্য শারীরিক জটিলতায় ভোগা শিশুদের বিশেষ গুরুত্ব দিতে হবে। টিকাদান ও রোগ নজরদারি কার্যক্রম জোরদার করা না গেলে বছরের শেষ সময় পর্যন্ত হামের সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৯০৬।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন রোগী ভর্তির দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত এক দিনে এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭৭৩ জন। বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে ফিরলেও প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোর ওপর চাপ কমছে না।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) ডেঙ্গুতে মারা গেছেন ২১৭ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। এ ছাড়া খুলনায় ৮৪, চট্টগ্রামে ৪৬, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে আট এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় মৃত্যুর সংখ্যা বেশি হলেও দেশের প্রায় সব বিভাগেই ডেঙ্গুর প্রাণঘাতী সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু এখন আর শুধু রাজধানীকেন্দ্রিক সংক্রমণ নয়। দেশের বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা বাড়ছে। নতুন রোগী ভর্তির তালিকায় ঢাকা বিভাগের পর চট্টগ্রাম ও খুলনার অবস্থান সংক্রমণের ভৌগোলিক বিস্তারের বিষয়টি স্পষ্ট করছে। এক দিনে ১ হাজার ৫৩৫ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা প্রমাণ করে, ডেঙ্গুর সংক্রমণ এখনো ব্যাপকভাবে সক্রিয়।
এদিকে, ডেঙ্গুর পাশাপাশি হামের পরিস্থিতিও উদ্বেগজনক। গতকাল হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৭৬। গতকাল হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল নতুন করে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন। ফলে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ২৯৪।
গতকাল সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন। এক দিনে এত বিপুলসংখ্যক রোগী শনাক্ত হওয়ার ঘটনা সংক্রমণের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার পরও নতুন রোগী শনাক্তের ধারাবাহিকতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন। তবে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
চলতি বছরের শেষ দুই মাসে ডেঙ্গু ও হামের সংক্রমণের গতিপ্রকৃতি কোন দিকে যায়, তা অনেকটাই নির্ভর করবে রোগ প্রতিরোধ, নজরদারি, টিকাদান এবং চিকিৎসাসেবা কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তার ওপর। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বছরের শেষ দিন পর্যন্ত এই দুই রোগের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে থাকতে পারে।

