সদরঘাটে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ১৩ মামলার আসামি শাহ আলমসহ গ্রেপ্তার ৩

0
59

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে কিরিচ, রামদা, লোহার হুক ও চারটি চোরাই মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শাহ আলম (২৫) নামে একজন রয়েছেন, যার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

গত ৫ নভেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে রেলওয়ে স্টেশন কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হুদার ভাড়া বাসায় অভিযান চালান।

অভিযানে মো. শাহ আলম ছাড়াও মো. তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক এবং চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদরঘাট থানায় ৫ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। পেনাল কোডের ৩৯৪ ধারায় দায়ের করা মামলাটির নম্বর ৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here