
মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার চালকের নাম মো. রিয়াজ উদ্দিন। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানচালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

