
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আগাম শীতের প্রভাবে বাড়তে শুরু করেছে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত নানা রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্গম যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব এবং হাতের কাছে চিকিৎসাসেবা না থাকায় শীত মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চলের বাসিন্দারা।
চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিরও বেশি অংশ চরাঞ্চল। অষ্টমীর চর, নয়ারহাট, চিলমারী ও রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবারের বসবাস। ব্রহ্মপুত্র নদ মূল ভূখণ্ড থেকে এসব এলাকাকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফলে চরাঞ্চলের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াত করতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শীতের সময় শিশু কিংবা বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে ওঠে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল ভূখণ্ডের তুলনায় চরাঞ্চলে শীতের তীব্রতা আগেভাগেই অনুভূত হয়। বিশেষ করে ভোর ও রাতে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশায় বাড়ে মানুষের দুর্ভোগ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শিশুদের ঠান্ডা, সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অসুস্থ হলে অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য পল্লিচিকিৎসকের শরণাপন্ন হন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে নদী পেরিয়ে উপজেলা সদরে যাওয়া ছাড়া বিকল্প থাকে না। এতে চিকিৎসার পাশাপাশি যাতায়াতের খরচ ও সময় নিয়েও বিপাকে পড়েন স্বজনরা।
চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, ‘শীতের শুরু থেকেই শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। শিশুদের গায়ে হালকা গরম সুতি কাপড়ের ওপর চাদর বা সোয়েটার পরিয়ে রাখতে হবে। মাথা, কান ও বুক যেন ঢাকা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বয়স্কদের ঠান্ডা বাতাস থেকে দূরে রাখতে হবে। বিশেষ করে সকালে ও রাতে কুয়াশার মধ্যে বাইরে বের হওয়া যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘শরীর গরম রাখা এবং রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে পর্যাপ্ত কুসুম গরম পানি, স্যুপ, পুষ্টিকর খাবার, মৌসুমি শাকসবজি ও ফলমূল খেতে হবে। সর্দি, কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস নেওয়ার সময় বুকের পাঁজর ভেতরের দিকে ঢুকে যাওয়ার মতো নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। পাশাপাশি ঘরের ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ এবং মেঝের ঠান্ডা থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
চরাঞ্চলের শীতকালীন দুর্ভোগের কথা তুলে ধরে দিনমজুর গোলজার হোসেন বলেন, ‘শীত আইলে আমাদের মতো দিনমজুর মানুষের খুব কষ্ট হয়। ঠান্ডার কারণে সকালে কাজে বাইরে যাওয়া যায় না, আবার কাজ না করলে সংসার চলে না। অনেক দিন কাজ পাই, আবার অনেক দিন পাই না। সারাদিন ঠান্ডার মধ্যে কাজ করি, তাও ঠিকমতো গরম কাপড় নাই। পেটের দায়ে ঠান্ডা উপেক্ষা করেই কাজে যেতে হয়। আমরা গরিব মানুষ, শীতের সময় কেউ একটু গরম কাপড় দিয়া সাহায্য করলে খুব উপকার হতো।’
চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘শীত আসার আগেই আমরা আগাম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। পুরান লেপ-কম্বল বের করে রোদে দিয়েছি। বাড়ির ছোট বাচ্চা আর বয়স্কদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করছি। কিন্তু আমাদের মতো চর এলাকার গরিব মানুষের জন্য শীত মোকাবিলা করাটা খুব কষ্টের ব্যাপার। অনেকেরই ঠিকমতো গরম কাপড় নাই। বিশেষ করে রাতত আর ভোরবেলা খুব ঠান্ডা পড়ে। এতে ছোট বাচ্চা আর বুড়া মানুষগুলোর খুব কষ্ট হয়।’
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘চরাঞ্চলের মানুষের শীতকালীন দুর্ভোগ বেড়ে যায়। তাদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা আগাম শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া শীত মৌসুমে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।’

