
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপার কাজ পাওয়া ১১৩টি প্রেসের মধ্যে ২৪টি প্রতিষ্ঠান এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বই সরবরাহ করতে পারেনি। এর মধ্যে তিনটি প্রেস এখন পর্যন্ত এক কপিও বই সরবরাহ করেনি। প্রতিষ্ঠানগুলো হলো সুবর্ণা প্রিন্টার্স, গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট ও ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স। দেরিতে বই সরবরাহের কারণে এসব প্রেসের ওপর বিশেষ নজরদারি জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সুবর্ণা প্রিন্টার্স আগামী শিক্ষাবর্ষের জন্য ৯ লাখ ৯ হাজার ১২৩ কপি বই ছাপার কাজ পেলেও এখন পর্যন্ত একটি বইও সরবরাহ করেনি। একই অবস্থা গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট ও ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্সের। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ২ লাখ ৯৭ হাজার ৪০ ও ৪ লাখ ৪৩ হাজার ৯৭৩ কপি বই ছাপার দায়িত্ব পেয়েছিল। কিন্তু কোনো বই সরবরাহ করতে পারেনি।
বই সরবরাহের গতি বাড়ানো এবং নির্ধারিত সময়ে মাঠপর্যায়ে পাঠ্যবই পৌঁছানো নিশ্চিত করতে পিছিয়ে থাকা ২৪টি প্রেসের কাজ সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এনসিটিবির চার শীর্ষ কর্মকর্তাকে। পাশাপাশি এসব প্রেসের মালিকদের আজ এনসিটিবিতে তলব করা হয়েছে। সেখানে বই ছাপা ও সরবরাহে বিলম্বের কারণ জানতে চাওয়া হবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই আগামী ৩০ নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গত ৪ নভেম্বর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রেসগুলোর কার্যক্রম তদারকি শুরু করেছেন। তারা নিয়মিত ছাপার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বইয়ের মান নিশ্চিত করার বিষয়টিও দেখভাল করবেন। এ বিষয়ে এনসিটিবির সচিব স্বাক্ষরিত চিঠিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিশেষ নজরদারিতে থাকা ২৪টি প্রেসের মধ্যে মাত্র ছয়টি প্রতিষ্ঠান মোট কাজের অর্ধেকের বেশি বই সরবরাহ করতে পেরেছে। অন্যদিকে ১০টি প্রেস তাদের মোট বরাদ্দের এক-তৃতীয়াংশ বইও সরবরাহ করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণমালা প্রেস, গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, লেটার অ্যান্ড কালার, ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্স, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সোহাগ প্রিন্টার্স, পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং সুবর্ণা প্রিন্টার্স।
এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসকে ছয়টি প্রেসের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অগ্রণী প্রিন্টিং প্রেস ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৭০৪ কপি বই ছাপার কাজ পেয়ে সরবরাহ করেছে ৫৬ লাখ ১০ হাজার ৬৯০ কপি, যা মোট বরাদ্দের ৫৩ দশমিক ৭৪ শতাংশ।
বর্ণমালা প্রেস ১৩ লাখ ৪৫ হাজার ২১৮ কপি বইয়ের মধ্যে সরবরাহ করেছে ৪ লাখ ২৩ হাজার ৪৫১ কপি বা ২০ দশমিক ৫৮ শতাংশ। কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৪৩ লাখ ১৫ হাজার ১০৬ কপির মধ্যে দিয়েছে ১৩ লাখ ২৯ হাজার ৬৩৫ কপি বা ৩১ দশমিক ৫৪ শতাংশ। কর্ণফুলী আর্ট প্রেস ১ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ২৫০ কপির মধ্যে সরবরাহ করেছে ৬৯ লাখ ৯৬ হাজার ৯৮৩ কপি বা ৫০ দশমিক ৯৫ শতাংশ। সরকার প্রেস ২৪ লাখ ৬২ হাজার ৯৪ কপির মধ্যে দিয়েছে ৯ লাখ ২১ হাজার ৭৮০ কপি বা ৩৭ দশমিক ৪৪ শতাংশ। কোনো বই সরবরাহ করতে না পারা গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্টও রয়েছে এই কর্মকর্তার তদারকির তালিকায়।
এই ছয়টি প্রেসের মধ্যে তিনটির মালিক একই পরিবারের সদস্য। প্রতিষ্ঠানগুলো এবার পাঠ্যবই ছাপার বড় অংশের কাজ পেয়েছে। অগ্রণী প্রেসের মালিক কাওসারুজ্জামান রুবেল এবং কর্ণফুলী আর্ট প্রেসের মালিক হাসানুজ্জামান রবিন আপন ভাই। অন্যদিকে কচুয়া প্রেসের মালিক হুমায়ুন কবির তাদের ভগ্নিপতি।
প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে পাঠ্যবই ছাপার খাতে প্রভাবশালী ছিলেন হুমায়ুন কবির। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের আশীর্বাদে এনসিটিবির বই ছাপার কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গেও তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে এনসিটিবির অধিকাংশ বই ছাপার কাজ তার প্রতিষ্ঠান পেত বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে তিনি নিয়মিত দেরিতে বই সরবরাহ করতেন এবং নিম্নমানের বইও ছাপাতেন। এবারও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের বই ছাপার অভিযোগ উঠেছে। এরই মধ্যে তার প্রতিষ্ঠানের লক্ষাধিক ফর্মা বাতিল করা হয়েছে। এ ছাড়া আলোচিত বইয়ের দরপত্র ফাঁসের সঙ্গেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকুকে আমিন আর্ট প্রেস, বর্ণালী অফসেট প্রিন্টার্স, ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড, লেটার অ্যান্ড কালার, মেসার্স রেজা প্রিন্টার্স ও প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেডের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে আমিন আর্ট প্রেস ৬৩ লাখ ১২ হাজার ৯০০ কপি বইয়ের ৬৭ দশমিক ৭৭ শতাংশ সরবরাহ করেছে। বর্ণালী অফসেট প্রিন্টার্স ১৫ লাখ ৫০ হাজার ৪৭৬ কপির মধ্যে দিয়েছে ৬৮ দশমিক ৮৮ শতাংশ। ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড ৩৯ লাখ ৯৫ হাজার ৭১৫ কপির ৪৯ দশমিক ৬৪ শতাংশ এবং লেটার অ্যান্ড কালার ৬৬ লাখ ৩৪ হাজার ৩০৩ কপির ২৮ দশমিক ৪৯ শতাংশ সরবরাহ করেছে। মেসার্স রেজা প্রিন্টার্স ৩৬ লাখ ৫৯ হাজার ২৪৯ কপি বইয়ের ৪২ দশমিক ৩৩ শতাংশ সরবরাহ করেছে।
এনসিটিবির সদস্য (অর্থ) আজীজ হায়দার ভূঁইয়াকে ছয়টি প্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অনুপম প্রিন্টার্স লিমিটেড ৮ লাখ ৮২ হাজার ৫৮৭ কপি বইয়ের ৩৮ দশমিক ৫০ শতাংশ, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ২১ লাখ ১৮ হাজার ৮৯৩ কপির ৩৬ দশমিক ০৩ শতাংশ, মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৩৬ লাখ ৫৯ হাজার ২৪৯ কপির ৩৩ দশমিক ৯০ শতাংশ, নুরুল ইসলাম প্রিন্টিং প্রেস ৪৭ লাখ ৭৩ হাজার ৫০০ কপির ৬৯ দশমিক ২৯ শতাংশ এবং সোহাগ প্রিন্টার্স ৬ লাখ ৮৮ হাজার ৩১৬ কপির ২৬ দশমিক ৬৪ শতাংশ বই সরবরাহ করেছে। কোনো বই সরবরাহ করতে না পারায় ইন্টারনেট ওয়েভ প্রিন্টার্সের কাজও এই কর্মকর্তার তদারকির আওতায় আনা হয়েছে।
এদিকে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খানকে পলি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সাগরিকা প্রিন্টার্স, সুবর্ণা প্রিন্টার্সসহ আরও একটি প্রতিষ্ঠানের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
এই তালিকার মধ্যে পলি প্রিন্টিং প্রেস ২৮ লাখ ৬১ হাজার ৪১৬ কপির ২৪ দশমিক ৪৮ শতাংশ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং ৭৫ লাখ ৮৬ হাজার ৯৭৩ কপির ২১ দশমিক ৫৩ শতাংশ, সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ৪৩ লাখ ৭০ হাজার ৩৩ কপির ৪৫ দশমিক ৩৫ শতাংশ এবং সাগরিকা প্রিন্টার্স ১৩ লাখ ৯১ হাজার ৪৫৬ কপির ৪৬ দশমিক ৬৯ শতাংশ বই সরবরাহ করেছে। অন্যদিকে সুবর্ণা প্রিন্টার্স ৯ লাখ ৯ হাজার ১২৩ কপি বইয়ের কাজ পেয়েও এখন পর্যন্ত কোনো বই সরবরাহ করেনি।
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অগ্রগতি সন্তোষজনক হলেও মাধ্যমিকের চিত্র উদ্বেগজনক। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সব বই ছাপা ও সরবরাহ শেষ করার কথা প্রেস মালিকদের। তবে এনসিটিবি চলতি নভেম্বরের মধ্যেই ছাপার কাজ শেষ করতে তৎপরতা চালাচ্ছে। বর্তমান অগ্রগতি বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে সব বই সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের মধ্যে ৫৫ লাখ ৩০ হাজার ২৪০ কপি সরবরাহ করা হয়েছে। অর্থাৎ মোট বইয়ের ৯৬ দশমিক ৫০ শতাংশ মাঠপর্যায়ে পৌঁছেছে।
প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ হাজার কপি বইয়ের মধ্যে সরবরাহ করা হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার ২১৩ কপি, যা মোট বরাদ্দের ৯৬ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের মধ্যে ৩ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৯৯২ কপি বা ৭৯ দশমিক ৩৩ শতাংশ সরবরাহ করা হয়েছে।
তবে মাধ্যমিক পর্যায়ে বই সরবরাহের হার মাত্র ৫৬ দশমিক ১২ শতাংশ। এ স্তরে মোট ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সরবরাহ করা হয়েছে ১০ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৫৯৬ কপি। ফলে এখনো প্রায় ৭ কোটি ১৯ লাখ বই সরবরাহ বাকি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মাধ্যমিকের নবম ও দশম শ্রেণির বই ছাপার কাজ সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। অনেক প্রেস এখনো এই দুই শ্রেণির বই ছাপা শুরু করেনি। কোনো কোনো প্রতিষ্ঠান কাজ শুরু করলেও অগ্রগতি খুবই কম। প্রাথমিকের বইয়ে ফর্মার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় দ্রুত ছাপা সম্ভব হচ্ছে। কিন্তু মাধ্যমিকের বইয়ে ফর্মার সংখ্যা বেশি থাকায় ছাপার কাজ শেষ করতে বেশি সময় প্রয়োজন।
এদিকে এনসিটিবির পক্ষ থেকে মাঠপর্যায়ে বই সরবরাহের যে হিসাব দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট আরেকটি সূত্রের দাবি, ঘোষিত পরিমাণ বই বাস্তবে মাঠপর্যায়ে পৌঁছেনি। কয়েকটি জেলার শিক্ষা কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপজেলায় এখন পর্যন্ত মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ বই পৌঁছেছে।
মুদ্রণ শিল্প সমিতির উপদেষ্টা তোফায়েল খান বলেন, প্রাথমিকের বইয়ে ফর্মা কম থাকায় দ্রুত ছাপার কাজ শেষ করা সম্ভব হয়। কিন্তু মাধ্যমিকের বইয়ে ফর্মা বেশি থাকায় সময়ও বেশি লাগে। বর্তমান অগ্রগতি অনুযায়ী এনসিটিবির নির্ধারিত সময়ে সব বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে এনসিটিবি আন্তরিকভাবে চেষ্টা করলে তা সম্ভব হতে পারে। মাঠপর্যায়ে যে পরিমাণ বই পৌঁছানোর কথা বলা হচ্ছে, বাস্তবে সেই পরিমাণ পৌঁছেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সার্বিক বিষয়ে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, ‘এসব প্রেসের ছাপার কাজে যাতে কোনো গাফিলতি না হয়, তা কর্মকর্তারা নিশ্চিত করবেন। এটি আমাদের নিয়মিত কাজেরই অংশ। তবে অনেক প্রেসের ছাপার অগ্রগতি ভালো হচ্ছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হবে।’

