
কৃষকদের ভোগান্তি কমানো এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নীলফামারীর ডিমলা উপজেলায় চালু করা হয়েছে ‘অনলাইন সার মনিটরিং সিস্টেম’ বা ওএফএমএস (OFMS)। এ ওয়েবসাইটের মাধ্যমে উপজেলার সরকারি ওয়েব পোর্টালে প্রবেশ করে এক ক্লিকেই সারের বরাদ্দ, দৈনিক বিতরণ ও মজুতের পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন কৃষক ও সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তার পরিকল্পনা ও সহযোগিতায় প্রায় তিন মাসের প্রচেষ্টায় স্বল্প ব্যয়ে ওয়েবসাইটটি তৈরি করেছেন উপজেলা আইসিটি কর্মকর্তা আল মামুন। কৃষকদের জন্য সারের তথ্য সহজলভ্য করা, বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা, ডিলারদের জবাবদিহি বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি আরও কার্যকর করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ওয়েবসাইটটিতে কৃষক, ডিলার, সারের বরাদ্দ, মজুত ও বিতরণসহ সাত ধরনের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ডিমলা উপজেলার সার কার্ডের তথ্য আপলোড করার পর কৃষক নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে অনুসন্ধান করলেই তার নামে কতটুকু সার বরাদ্দ রয়েছে, কতটুকু উত্তোলন করেছেন এবং জমির পরিমাণ অনুযায়ী তিনি কতটুকু সার পাওয়ার যোগ্য, তা জানতে পারবেন।
পাশাপাশি ডিলারদের মোট বরাদ্দ, প্রতিদিন কতটুকু সার উত্তোলন ও বিতরণ হচ্ছে এবং বর্তমানে কী পরিমাণ সার মজুত রয়েছে, সেই তথ্যও ওয়েবসাইটে পাওয়া যাবে।
উদ্যোগটি পুরোপুরি কার্যকর হলে সারের হিসাব জানতে কৃষকদের আর বারবার ডিলারের দোকানে যেতে হবে না। ঘরে বসেই নিজেদের বরাদ্দ ও উত্তোলনের পরিমাণ যাচাই করতে পারবেন তারা। একই সঙ্গে ডিলারের কাছে সার মজুত আছে কি না এবং প্রতিদিন কী পরিমাণ সার বিতরণ হচ্ছে, তা আগে থেকে জানতে পারলে অপ্রয়োজনীয় যাতায়াত ও দীর্ঘ অপেক্ষা এড়ানো সম্ভব হবে। এতে কৃষকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সার সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট ভোগান্তিও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষক নূর হোসেন বলেন, ‘আগে সার সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো। কখনো প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যেত না, আবার কখনো ডিলারের কাছে গিয়ে অপেক্ষা করতে হতো। এখন নিজের নামে কতটুকু সার বরাদ্দ রয়েছে এবং কতটুকু উত্তোলন করেছি, তা সহজেই জানতে পারব। এতে আমাদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।’
সার ডিলার বলাই সাহা বলেন, ‘ওয়েবসাইটের মাধ্যমে ডিলারদের বরাদ্দ, দৈনিক সার বিতরণ ও মজুতের তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এতে সার বিতরণের হিসাব রাখা সহজ হবে এবং সংশ্লিষ্টদের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ বাড়বে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, ‘কৃষকদের সারের বরাদ্দ ও উত্তোলনের তথ্য জানতে যেন বারবার ডিলারের কাছে যেতে না হয়, সে লক্ষ্যেই অনলাইন সার মনিটরিং সিস্টেম ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আমরা ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একজন কৃষক নিজের নামে কতটুকু সার বরাদ্দ রয়েছে, কতটুকু উত্তোলন করেছেন এবং জমির পরিমাণ অনুযায়ী তার প্রাপ্য সার কত, তা সহজেই জানতে পারবেন—এমন ব্যবস্থা চালু করতে চাই।
বর্তমানে ডিলারদের বরাদ্দ, দৈনিক সার উত্তোলন ও মজুতের তথ্যও পর্যবেক্ষণ করা যাচ্ছে। এতে কৃষকদের অযথা যাতায়াত, সময় ও অর্থের অপচয় কমবে এবং সার সংগ্রহের ভোগান্তি লাঘব হবে। একই সঙ্গে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। আমরা চাই, প্রযুক্তির এ সুবিধা কাজে লাগিয়ে কৃষকেরা যেন সহজে তাঁদের প্রাপ্য সার পান এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।’
ওয়েবসাইটটির নির্মাতা উপজেলা আইসিটি কর্মকর্তা আল মামুন বলেন, ‘এটি তৈরি করতে প্রায় তিন মাস সময় লেগেছে। কৃষকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে সহায়তা করাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইটটিতে আরও কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

