
মর্জিনা আক্তার চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাক উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নগরীর পাঁচলাইশ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শওকত আলী (৪২) ও আবু তৈয়ব আলীকে (২৯) গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা সেনবাড়ি রোডে অবস্থিত আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে পুরোনো ও নম্বরবিহীন একটি EICHER TERRA25 মডেলের ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীকে (৫৮) গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা ট্রাকটির ইঞ্জিন নম্বর 11F63152870 এবং CMVRTR NO-AAF NO-194। গাড়িটির আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে নিজেদের হেফাজতে রাখতেন। পরে গাড়িগুলো বিভিন্ন খণ্ডাংশে খুলে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, চক্রটির অন্যতম সদস্য শওকত আলী চোরাই গাড়ি কেনাবেচার পাশাপাশি গাড়ি চুরিতে জড়িত ব্যক্তিদের প্ররোচনা দিতেন। তার প্ররোচনায় গত ২৫ অক্টোবর আবু তৈয়ব আলী ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
চুরির পর বিষয়টি শওকত আলীকে জানানো হলে তিনি গাড়ি পরিবহনের জন্য একটি রোবট গাড়ি ঢাকায় পাঠান। পরে আবু তৈয়ব চুরি করা ট্রাকটি চট্টগ্রামে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে শওকত আলীর কাছে হস্তান্তর করেন।
এরপর শওকত আলী গ্যারেজমালিক আব্বাস উদ্দিনের সহায়তায় ট্রাকটি বিভিন্ন অংশে খুলে বিক্রির পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে গাড়িটি পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডে দরবার আয়রন মার্টের পাশে অবস্থিত আবু মেস্ত্রীর গ্যারেজে রাখা হয়েছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

