বীমা দাবি পরিশোধে ব্যর্থতা, নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞায় প্রগ্রেসিভ লাইফ

0
39

গ্রাহকদের বীমা দাবি পরিশোধে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহকদের মোট ১৬৯ কোটি ৯০ লাখ টাকার বীমা দাবি থাকলেও পরিশোধ করা হয়েছে মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা। ফলে এখনো বকেয়া রয়েছে ১৫৯ কোটি ২৩ লাখ টাকা, যা মোট দাবির ৯৩ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ভবিষ্যতের দাবি ও মেয়াদপূর্তির অর্থ পরিশোধের জন্য গঠিত জীবন বীমা তহবিলে রয়েছে মাত্র ৬৪ কোটি ৮০ লাখ টাকা। এমন পরিস্থিতিতে কোম্পানিটির নতুন পলিসি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের অর্থ জোগাড় করতে গিয়ে সরকারি ট্রেজারি বন্ড মেয়াদপূর্তির আগেই নগদায়ন এবং শেয়ার বিক্রি করে ইতোমধ্যে ৬ কোটি ২৭ লাখ টাকা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। লোকসানের চাপ কমাতে এবার রাজধানীর আফতাবনগরে নিজেদের জমি বিক্রি করে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। তবে দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা না হওয়া পর্যন্ত নতুন পলিসির প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

গত ২ নভেম্বর আইডিআরএর পরিচালক দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক নির্দেশনায় বীমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৪ নভেম্বর থেকে নির্দেশনাটি কার্যকর হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ট্রেজারি বন্ড নগদায়ন করে পাওয়া ১০ কোটি টাকা অথবা স্থায়ী সম্পদ বিক্রি থেকে সংগৃহীত ১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোম্পানিটি নতুন পলিসির প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে না।

আইডিআরএর মতে, বিপুল পরিমাণ বীমা দাবি অনিষ্পন্ন থাকা অবস্থায় নতুন ব্যবসা সম্প্রসারণ করলে কমিশনসহ অন্যান্য অর্জন ব্যয় বাড়বে। এতে বিদ্যমান গ্রাহকদের পাওনা পরিশোধের ক্ষেত্রে আরও জটিলতা তৈরি হতে পারে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বকেয়া দাবি পরিশোধের অর্থ সংগ্রহে ঢাকার কাকরাইলের নাভানা রহিম আর্ডেন্টের ফ্ল্যাট ও পার্কিং স্পেস, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের বাণিজ্যিক জায়গা এবং আফতাবনগর ও মৌলভীবাজারের জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব সম্পদ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে গত ২২ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের কাছ থেকে দরপ্রস্তাব জমা দিতে বলা হয়।

আইডিআরএর কাছে পাঠানো গত ২৮ অক্টোবর ও ১ নভেম্বরের পৃথক দুটি চিঠিতে কোম্পানিটির আর্থিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন। তিনি জানান, আগের নির্দেশনা অনুযায়ী ১৮ কোটি ৫০ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড মেয়াদপূর্তির আগে নগদায়ন করতে গিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লোকসানে বিক্রি করায় ক্ষতি হয়েছে আরও ৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে কোম্পানিটির নিট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটির আশঙ্কা, মেয়াদপূর্তির আগে ধারাবাহিকভাবে ট্রেজারি বন্ড নগদায়ন করতে হলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের মূলধনি লোকসান হতে পারে। এতে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা আরও দুর্বল হওয়ার পাশাপাশি গ্রাহকদের ভবিষ্যৎ দাবি পরিশোধের সক্ষমতাও ঝুঁকির মুখে পড়বে।

চিঠিতে আরও বলা হয়, অতিরিক্ত ১০ কোটি টাকার বন্ড নগদায়নের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন, সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশগ্রহণ এবং সর্বোচ্চ দর যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় প্রয়োজন হতে পারে।

তবে কোম্পানির দাবি, বন্ড নগদায়নের মাধ্যমে পাওয়া অর্থ থেকে গত ৩০ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৪৯০ জন গ্রাহককে ১৩ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৪৫২ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এ ছাড়া বন্ডের অর্থের বাইরে আরও ২১৫ জন গ্রাহককে দেওয়া হয়েছে ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৮৩১ টাকা। সব মিলিয়ে ওই সময়ে ৩ হাজার ৭০৫ জন গ্রাহককে প্রায় ১৪ কোটি ৭৮ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। আর্থিক ও পরিচালনগত দুর্বলতার কারণে বর্তমানে কোম্পানিটি ‘জেড’ শ্রেণিতে রয়েছে। ২০২০ সালের পর থেকে প্রতিষ্ঠানটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এদিকে নতুন পলিসির প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহে নিষেধাজ্ঞা থাকলেও পুরোনো গ্রাহকদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিআরএ। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান পলিসির দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম গ্রহণ, অন্যান্য পলিসি-সংক্রান্ত সেবা এবং বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সাইদুল আমিন কালবেলাকে বলেন, আইডিআরএর সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জমি বিক্রি ও প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকা জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করে নতুন ব্যবসা পরিচালনার অনুমতি দ্রুত পুনর্বহালের আশা করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here