জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল দীর্ঘদিনের বুদ্ধিবৃত্তিক আন্দোলন

0
35

জুলাই গণঅভ্যুত্থান কেবল তাৎক্ষণিক ক্ষোভ কিংবা হঠাৎ গড়ে ওঠা কোনো আন্দোলন ছিল না। এর পেছনে দীর্ঘদিনের পাঠচক্র, লেখালেখি, সাময়িকী প্রকাশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব উদ্যোগের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছিল যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

‘ইনসিপিয়েন্ট ইন্টেলেকচুয়ালস অ্যান্ড রেভল্যুশনারি মোবিলাইজেশন: দ্য কেস অব দ্য জুলাই রেভল্যুশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী ‘আমেরিকান বিহেভিয়ারাল সায়েন্টিস্ট’-এ। গবেষণাটি পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা এবং গবেষক রাগীব আনজুম।

গবেষণায় বলা হয়েছে, জুলাইয়ের আন্দোলন যেমন পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না, তেমনি কোনো একক নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমেও পরিচালিত হয়নি। বরং ২০১৮ সালের কোটা আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের সমন্বয়ের ক্ষেত্র তৈরি করে।

গবেষকদের মতে, পাঠচক্র, লেখালেখি, সাময়িকী প্রকাশ, সাংস্কৃতিক আয়োজন ও প্রতিবাদমূলক কর্মসূচি এ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখে। ‘গুরুবার আড্ডা’, ‘রাষ্ট্রকল্প’, ‘কাঁটাতার’, ‘পূর্বপক্ষ’ ও ‘রণ’-এর মতো উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক মতের শিক্ষার্থীরা একসঙ্গে আলোচনা ও চিন্তাভাবনার সুযোগ পান। এর মধ্য দিয়ে তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়।

গবেষণার তথ্য সংগ্রহে ২৬ জনের সাক্ষাৎকার, দলীয় আলোচনা, বিভিন্ন প্রকাশনা, সংবাদ প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় তৈরিতে আগে থেকেই পরিচিত এবং আস্থাভাজন ব্যক্তিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।

এ ক্ষেত্রে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার ও মাহফুজ আলমের নাম উল্লেখ করা হয়েছে।

গবেষক রাগীব আনজুম বলেন, দীর্ঘদিনের পাঠচক্র, প্রকাশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক অবকাঠামো গড়ে উঠেছিল। এই অবকাঠামো ভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে সহায়তা করে। ফলে জুলাইয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং সম্মিলিত আন্দোলন সংগঠিত করা সহজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here