ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

0
38

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর একজনকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা।

এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত হৃদয় আহম্মেদ শাওনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে শাওন জানায়, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র‌্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, শাওন বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখত। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকির অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি অস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here