
হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। ভোরে হালকা কুয়াশা, উত্তরের হিমেল বাতাস এবং সন্ধ্যার পর ঠান্ডার তীব্রতা অনুভূত হচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে উপজেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার উপস্থিতি দেখা যায়। কুয়াশা ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সূর্যের আলো। তবে জীবিকার প্রয়োজনে ভোরেই কাজে বের হতে হচ্ছে দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকদের। উত্তরের হিমেল বাতাসে সকালবেলায় এসব শ্রমজীবী মানুষের মধ্যে শীতের প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলোয় কিছুটা স্বস্তি মিললেও বিকেলের পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি থাকে। এ কারণে রাতের বেলায় অনেকেই কাঁথা ও চাদর ব্যবহার করছেন।
এদিকে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। আবহাওয়ার পরিবর্তনে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হয়ে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সামনের দিনগুলোতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

