সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

0
24

দেশের বিভিন্ন স্থানে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের নির্দেশনা অনুযায়ী এসব ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। এ সময় আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে উচ্ছেদ কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদনও আদালতে জমা দিতে বলা হয়েছিল।

এরপর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হয়। তবে অবৈধ ইটভাটা বন্ধ ও এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা বহাল রাখেন আদালত। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলোকে আদালতের নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদেশ সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।

ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।

এদিকে আদালতের নির্দেশনা থাকার পরও বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে আবেদন করে। আবেদনে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। একই সঙ্গে দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পূর্বের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here