মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

0
24

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণ পর রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here