চট্টগ্রামে ৫ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

0
22

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার সিটি গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইনের নেতৃত্বে এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্য সুধীর কুমার ধরকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় আকবরশাহ থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ নভেম্বর দায়ের করা হয়।

স্বর্ণ চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here