
রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন আগাম সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলাসহ বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি সবজির দাম নতুন করে কমেছে। তবে মাছ ও মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গত দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও ডিমের দাম রয়েছে স্থিতিশীল। অন্যদিকে চালের বাজারের চড়া দামে স্বস্তি ফিরছে না ক্রেতাদের।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলাসহ বিভিন্ন ধরনের সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। মাঝারি আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা দেড় সপ্তাহ আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা। শিমের দাম কমে প্রতি কেজি ৬০ টাকায় নেমেছে।
এ ছাড়া মুলা, বেগুন, করলা, কচুরলতি, বরবটি ও পটোলসহ অন্যান্য সবজির দামও কমতির দিকে। নতুন আলুর দাম কমে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পুরোনো আলুর দাম অপরিবর্তিত রয়েছে। বাজারভেদে প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
এদিকে বাজারে নতুন টমেটো উঠতে শুরু করেছে। গত সপ্তাহে পাকা টমেটোর দাম বেশি থাকলেও বর্তমানে কমে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও কমে কেজিপ্রতি ৮০ টাকায় নেমেছে। সবজির পাশাপাশি শাকপাতার দামও কিছুটা কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও শাকের আঁটির আকার আগের তুলনায় ছোট হয়ে গেছে।
শনির আখড়া বাজারের ক্রেতা ও বেসরকারি চাকরিজীবী মো. কামরুল হাসান বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। তবে বর্তমান দামেও সংসারের বাজার করতে গিয়ে হিসাব-নিকাশ করতে হচ্ছে। একই বাজারের ক্রেতা ও কারখানাশ্রমিক মো. ফারুক আহমেদ বলেন, সামনে সবজির দাম আরও কমতে পারে। তবে এখনো যে দামে বিক্রি হচ্ছে, তা কিনতে হিমশিম খেতে হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা মো. হালিম শেখ বলেন, বর্তমানে বাজারে যেসব সবজি পাওয়া যাচ্ছে, সেগুলো মূলত শীতকালীন আগাম সবজি। বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক আগেভাগেই এসব সবজি বাজারে আনছেন। শীতের সবজি পুরোপুরি উঠতে শুরু করলে দাম আরও কমবে।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরাও জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে এখনো আগাম সবজিই বাজারে বেশি আসছে। শীতের সবজির পূর্ণ মৌসুম শুরু হলে সরবরাহ আরও বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে।
সবজির বাজারে দাম কমলেও মাছ ও মাংসের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। তবে গত দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। অন্যদিকে ফার্মের বাদামি ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চালের বাজারে এখনো স্বস্তি নেই। গত সপ্তাহের শুরুতে হঠাৎ দাম বেড়ে যাওয়ার পরও উচ্চমূল্যেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে ভালো মানের সরু মিনিকেট চাল প্রতি কেজি ৮০ টাকা এবং মাঝারি মানের আটাশ চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে মোটা চালের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার পর্যালোচনাতেও চালের মূল্যবৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে সরু চালের দাম ৩ দশমিক ২৩ শতাংশ এবং মোটা চালের দাম ২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। টিসিবির হিসাবে, গত সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে মোটা চালের সর্বোচ্চ দাম ছিল কেজিপ্রতি ৫৫ টাকা। বর্তমানে তা বেড়ে ৫৮ টাকায় দাঁড়িয়েছে।
চালের দাম বাড়ার কারণ হিসেবে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মো. বিলাল হোসাইন ও মো. মোশাররফ হোসেন। তাদের ভাষ্য, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়ায় মিলগেট থেকেই চালের দাম বাড়ানো হচ্ছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চালের উচ্চমূল্য ও অন্যান্য নিত্যপণ্যের ব্যয় নিয়ে এখনো উদ্বেগে রয়েছেন সাধারণ ক্রেতারা।

