সৌরবিদ্যুতে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে সাশ্রয় প্রায় ১৩ লাখ টাকা

0
26

সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় কেন্দ্রগুলোর সম্ভাব্য বিদ্যুৎ ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে কেন্দ্রগুলোতে এ সাশ্রয় হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের বিদ্যুৎ বিল হতো ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। তবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে প্রকৃত বিল দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। এতে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার কেবল বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী করা সম্ভব।

তিনি আরও বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ পরিবেশ সুরক্ষার পাশাপাশি সরকারি অর্থ সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখতে পারে। একটি সরকারি প্রতিষ্ঠান নিজেই বিদ্যুৎ উৎপাদন করছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। অন্য সরকারি দপ্তরগুলোও এ উদ্যোগ অনুসরণ করতে পারে।

ডাক অধিদপ্তর জানায়, নির্ধারিত সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হয়। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং প্রায় ৫৭ শতাংশ গ্রিডে যুক্ত করেছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা ১৪টি কেন্দ্র হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ মেইল প্রসেসিং সেন্টার।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিড থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এ জন্য ব্যয় হতো ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ে সমন্বয় করে গ্রিড থেকে প্রকৃত বিদ্যুৎ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা।

হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। সব মিলিয়ে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের মধ্যে ডাক বিভাগের ১৪টি কেন্দ্রের এ অভিজ্ঞতা সৌরবিদ্যুৎ ব্যবহারের আর্থিক ও পরিবেশগত সুফলের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here