
গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। একই আদেশে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

