ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

0
23

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি দূরপাল্লার নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ তীব্র আকার ধারণ করলে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলামও আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যাত্রী ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here