
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে এমন প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনআইডিসংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যালয়ে যোগাযোগ এবং নির্ধারিত হটলাইন নম্বর ১০৫-এ কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একটি প্রতারক চক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। এ কাজে প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এনআইডি সংশোধনসহ জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত কোনো ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয় না।
এ পরিস্থিতিতে এনআইডিসংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা, প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

