
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশের মাধ্যমে সভা স্থগিতের বিষয়টি জানান।
নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ শিগগিরই সংশ্লিষ্টদের জানানো হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুত্বপূর্ণ এই সদস্যের অনুপস্থিতিতে সভা করা সমীচীন হবে না। এ কারণেই বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। ওই সময় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা যায়।
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি বিবেচনায় গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপরও রাজধানীর মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরে যান।
উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে অনুযায়ী বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। এর আগে ৮ হাজার টাকা থেকে মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করায় বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

