
দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার কারণে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে বিড়ালটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় দোকানের সামনেই। মায়ের এমন করুণ পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছানা। এ ঘটনায় ক্ষুব্ধ এক প্রাণিপ্রেমী যুবক বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন। পরে অভিযুক্ত দোকানিকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালকে খাবার খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে উপস্থিত হন স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তার অভিযোগের ভিত্তিতে সারোয়ার হোসেন (৫২) নামে অভিযুক্ত দোকানিকে তলব করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজের দোষ স্বীকার করেন তিনি।
মেহেদী হাসান ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি দোকানের ভেতরে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে দোকানে ঢুকে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটির গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিড়ালটি দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন ইমু। তিনি জানান, নিহত মা বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুতে ছানা দুটি এখন অসহায় হয়ে পড়েছে। একটি প্রাণী খাবারের সন্ধানে দোকানে প্রবেশ করায় তাকে এভাবে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যান।
অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের দোষ স্বীকার করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের এমন আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে ওই দোকানিকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

