
চট্টগ্রাম নগরের ব্যস্ততম কাজীর দেউড়ি মোড়। প্রতিদিনের মতো সড়কে যানবাহনের চাপ আর পথচারীদের ব্যস্ততা। এর মধ্যেই হঠাৎ একটি ডিজিটাল বিলবোর্ডে ভেসে ওঠে ভালোবাসার বার্তা—‘I Love You Sanzida. Tazim Loves You!’ সঙ্গে ছিল লাল রঙের ভালোবাসার প্রতীক। ব্যতিক্রমী এই দৃশ্য মুহূর্তেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারণায় ব্যবহৃত ডিজিটাল বিলবোর্ড এবার হয়ে উঠেছে ব্যক্তিগত ভালোবাসা প্রকাশের মাধ্যম। প্রেমিকার উদ্দেশে প্রকাশ্যে ভালোবাসার কথা জানাতে বিলবোর্ডে এমন আয়োজন করেছেন তাজিম নামের এক ব্যক্তি।
তবে কে এই সানজিদা, আর কে তাজিম—তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। বিলবোর্ডে ভালোবাসার বার্তা প্রচার হলেও তাদের পরিচয়, পারস্পরিক সম্পর্ক কিংবা এমন আয়োজনের নেপথ্যের গল্প সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ব্যস্ত সড়কে হঠাৎ এমন ব্যতিক্রমী প্রেম নিবেদন দেখে পথচারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ দাঁড়িয়ে বার্তাটি দেখেছেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করেছেন পুরো দৃশ্য। পরে বিলবোর্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
প্রেম নিবেদনে ফুল, চিঠি কিংবা উপহারের প্রচলিত রীতির বাইরে গিয়ে ডিজিটাল বিলবোর্ডে ভালোবাসার প্রকাশ নগরজুড়ে তৈরি করেছে ভিন্নধর্মী আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা মন্তব্য ও কৌতূহল।
তবে তাজিমের প্রকাশ্য ভালোবাসার বার্তার জবাবে সানজিদা কী প্রতিক্রিয়া জানিয়েছেন, তা এখনো অজানা। শেষ পর্যন্ত এই ব্যতিক্রমী প্রেম নিবেদনের পরিণতি কী হয়, সেটিই এখন সবার আগ্রহের বিষয়।

