
চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৬: কিছু মানুষ সময়ের সীমানা অতিক্রম করে বেঁচে থাকেন তাঁদের কর্মে, চিন্তায়, আদর্শে এবং মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতির মধ্য দিয়ে। তেমনই একজন ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত স্থপতি, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। তাঁর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের সাংবাদিকতা, স্থাপত্যচর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সাংবাদিক, সংগঠক ও বিশিষ্টজনেরা।
চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বকোণের সাবেক প্রধান সম্পাদক ইস্কান্দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় নেতৃত্ব দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক, লেখক ও গবেষক কামাল উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্যে কামাল উদ্দিন বলেন, তসলিম উদ্দিন চৌধুরী কেবল একজন সম্পাদক কিংবা স্থপতি ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের নাগরিক চিন্তা ও উন্নয়ন আন্দোলনের একজন প্রভাবশালী সংগঠক। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিনের সাংগঠনিক ও কর্মময় স্মৃতিতে সমৃদ্ধ।
তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে তসলিম উদ্দিন চৌধুরী দায়িত্ব পালনকালে আমি সংগঠনটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সময় চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক অধিকার, অবকাঠামোগত সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা দাবি নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। অনেক সভা, আলোচনা, পরিকল্পনা ও আন্দোলনের স্মৃতি আজও মনে পড়ে। তাঁর নেতৃত্বে ছিল দৃঢ়তা, কথায় ছিল স্পষ্টতা এবং চট্টগ্রামের প্রতি ছিল গভীর ভালোবাসা।
কামাল উদ্দিন আরও বলেন, সংবাদপত্রের সম্পাদক হিসেবে তসলিম উদ্দিন চৌধুরীর দায়িত্ববোধ এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি বিশ্বাস করতেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি মানুষের অধিকার, সমাজের অসংগতি এবং জনস্বার্থের পক্ষে কথা বলার শক্তিশালী প্রতিষ্ঠান। তাঁর জীবন ও কর্ম থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের অনেক কিছু শেখার রয়েছে। ব্যক্তিগত স্মৃতি কখনো পুরোনো হয় না; বরং সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষের অবদান আরও বেশি উপলব্ধি করা যায়।
সভাপতির বক্তব্যে ইস্কান্দার আলী চৌধুরী দৈনিক পূর্বকোণে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং তসলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, সংবাদপত্রের জগতে তসলিম উদ্দিন চৌধুরীর অবস্থান ছিল স্বতন্ত্র। তাঁর চিন্তাভাবনা, সংবাদপত্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং চট্টগ্রামের প্রতি আন্তরিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জীবনের মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদ বলেন, গুণী মানুষের জীবন ও কর্মকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। যাঁরা সমাজ, সাংবাদিকতা ও মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তসলিম উদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিত্বকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকেও সম্মান জানাই।
আলোচনায় সিনিয়র সাংবাদিক দেবু প্রসাদ দেবু, সাংবাদিক ও সম্পাদক বিপ্লব বড়ুয়া, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন খোকন, এম হামিদ হোসাইন, সাংবাদিক রতন কান্তি বড়ুয়া, শেখ মোহাম্মদ ইব্রাহিম মাহমুদ, রফিকুল ইসলাম, লায়ন মিনহাজুর রহমান চৌধুরী, রতন বড়ুয়া, মোহাম্মদ শফিকুল আলম, শাহ আলম সাজু তালুকদার, মোহাম্মদ শাহিন, লিটু সূত্রধর, দেবরাজ দত্ত, ঝুমা আক্তার, মো. মাসুদ রানা, এম নাসির উদ্দিন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ওসমান, সাইফুদ্দিন হালাল, মজিবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ উপস্থিত সাংবাদিক ও ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রতন কান্তি বড়ুয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান শাকিল।
স্মরণসভার শুরুতে প্রয়াত তসলিম উদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদ।
স্মরণসভায় বক্তারা বলেন, সময়ের প্রবাহে মানুষের শারীরিক উপস্থিতি হারিয়ে যায়, কিন্তু তাঁর সৃষ্টিশীলতা, কর্মনিষ্ঠা, আদর্শ ও সমাজের প্রতি দায়বদ্ধতা ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকে। তসলিম উদ্দিন চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ। চট্টগ্রামের সাংবাদিকতা ও নাগরিক উন্নয়নের ইতিহাসে তাঁর অবদান যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করা প্রয়োজন।
তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে শুধু একজন প্রয়াত সম্পাদককে শ্রদ্ধা জানানো হয়নি, বরং চট্টগ্রামের সাংবাদিকতা ও নাগরিক আন্দোলনের একটি কর্মময় অধ্যায়কে নতুন করে ফিরে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষের জীবনের প্রকৃত সার্থকতা তাঁর রেখে যাওয়া কর্মে, আর সেই কর্মই তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় করে রাখে।

