
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ হয় গাড়ির সারি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রামগামী লেনে চলার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের ধীরগতির কারণে মহাসড়কের প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
সকাল থেকে এ যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সালাম মিয়া নামে এক ভুক্তভোগী যাত্রী বলেন, মেঘনায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন তিনি। যানজট কমার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটায় সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি। এ কারণে যানজট দীর্ঘায়িত হয়েছে। তবে এরই মধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

