কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, আধুনিক যন্ত্র ও প্রযুক্তিতে বাড়তি গুরুত্ব

0
20

কৃষি খাতে ঋণ বিতরণের পরিধি বাড়িয়ে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনেও কৃষিঋণ পাওয়া যাবে। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের জন্য চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাতগুলো হলো শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ। ব্যাংকগুলোর মোট কৃষিঋণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। বাকি ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সেবা খাতে ব্যয় করা যাবে।

নতুন নির্দেশনায় কৃষিঋণের আওতা সম্প্রসারণ করা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা এবং পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ ঋণ সুবিধা পাবেন। এতে কৃষিপণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ প্রক্রিয়ায় একক বা দলগতভাবে কৃষিঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য হবেন না।

কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিদের ঋণ দিতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প স্থাপন করে কৃষিঋণের প্রচার ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এসব কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে নতুন ঋণনীতিমালা ও পরিশোধসূচি যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, সিডার, বেড প্ল্যান্টার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য ঋণ দেওয়া যাবে।

কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে।

নীতিমালায় উল্লেখ করা আনুমানিক যন্ত্রমূল্য অনুযায়ী, কম্বাইন হারভেস্টারের দাম ২০ থেকে ২৫ লাখ টাকা, ট্রাক্টরের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং রাইস ট্রান্সপ্লান্টারের দাম ৭ থেকে ২০ লাখ টাকা। রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং পাওয়ার টিলারের দাম ২ থেকে ৩ লাখ টাকা ধরা হয়েছে। তবে ঋণ অনুমোদনের ক্ষেত্রে যন্ত্রের প্রকৃত মূল্য যাচাই করে নির্ধারণ করতে হবে।

ছোট কৃষিযন্ত্রের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে গ্রহণ করতে পারবে ব্যাংক। বড় যন্ত্র কেনার ঋণে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি অথবা জমি ও স্থাবর সম্পত্তি জামানত নেওয়ার সুযোগ থাকবে।

ঋণের মেয়াদ নির্ধারণে কৃষিযন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনা করতে হবে। সাধারণত কৃষিযন্ত্রের আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্র ব্যবহারের মাধ্যমে মৌসুমভিত্তিক আয় বিবেচনায় নিয়ে ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণ করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড় দেওয়া যাবে।

নতুন নীতিমালায় প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষিপদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির বিভিন্ন অংশের প্রয়োজন অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করা হয়। স্যাটেলাইট, ড্রোন, সেন্সর, জিআইএস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডেটা বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও খরচ কমানো এর মূল লক্ষ্য।

জলবায়ুসহিষ্ণু স্মার্ট কৃষির আওতায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত, পানিসাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প ব্যবহারে ঋণ দেওয়া হবে।

কৃষি খাতে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বায়োগ্যাস উৎপাদন ও সৌর প্যানেল স্থাপনেও ঋণ দেওয়া হবে। বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে সোলার হোম সিস্টেম স্থাপনের ঋণও কৃষিঋণ হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনে অর্থায়নের নির্দেশনা রয়েছে। এ ধরনের উদ্যোগে প্রয়োজনে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি ও পল্লিঋণ বিতরণের তথ্য মাসিক ভিত্তিতে নির্ভুলভাবে পাঠাতে হবে। পাশাপাশি এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণ বিতরণের প্রমাণক পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

নতুন নীতিমালার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যে মূল্য সংযোজন, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষির উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here