
সিলেট নগরীতে দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় সিলেট ল কলেজের সামনে বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সিলেট ল কলেজের সামনে চারটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নির্দেশে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন কালবেলাকে জানান, চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাস আংশিক পুড়েছে এবং বাকি তিনটি বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।
ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি মহানগর পুলিশের আওতাধীন এলাকায় ঘটেছে কি না এবং এটি গত রাতের ঘটনা কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার স্থান ও সময় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

