পাথর আনতে গিয়ে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি শ্রমিককে আটক করল বিএসএফ

0
16

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের ওপারে পাথর আনতে গিয়ে তিনি ভারতে প্রবেশ করেন বলে জানা গেছে।

শনিবার দুপুর দুইটার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। আটক শাহরিয়ার ২২ বছর বয়সী এবং বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকার জিরো পয়েন্ট দিয়ে স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ ধাওয়া দিলে অন্য শ্রমিকরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ার আটক হন।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারে দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে পাথর আনতে মরকিটিলায় চলে যায়। সেখানে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই শ্রমিক ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here