
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পরিবহন মালিকদের সতর্ক করে বলেছেন, শুধু গাড়ি ভাড়া পেলেই চালকের হাতে তুলে দেওয়া যাবে না। চালকের লাইসেন্স, শারীরিক ও মানসিক সক্ষমতা, অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট রুট সম্পর্কে ধারণা যাচাই করা জরুরি। একটি গাড়ি থেকে ছয় মাসের লাভ দুর্ঘটনার কারণে এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। তাই চালক নির্বাচনে অবহেলা করা যাবে না।
শনিবার নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা মানে শুধু সুন্দর সড়ক কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়। এর সঙ্গে মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং নাগরিকদের আস্থা নিশ্চিত করাও জড়িত। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে সুন্দর করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক নিয়োগ ও দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। অসুস্থ বা শারীরিক-মানসিকভাবে অক্ষম চালকের হাতে গাড়ি তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, কোনো শারীরিক সমস্যা আছে কি না, এসব বিষয়ও মালিকদের নিশ্চিত করতে হবে।
নতুন রুটে চালক পাঠানোর আগে ওই সড়কে তার অভিজ্ঞতা রয়েছে কি না, সেটিও যাচাই করতে হবে। রাস্তার অবস্থা, বাজার, পথচারীদের চলাচল এবং স্থানীয় যানবাহনের ধরন সম্পর্কে ধারণা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
চালকদের বেপরোয়া গতি এড়িয়ে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানো উচিত নয়। অতিরিক্ত গতি নিজের পাশাপাশি অন্যদের জীবনও বিপন্ন করে। যাত্রীদের অনুরোধে যত্রতত্র গাড়ি থামিয়ে ওঠানামা করানো বন্ধ করতে হবে। নির্ধারিত স্টপেজ ব্যবহার নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনা ও যানজট কমানো সম্ভব।
দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, অনেক সময় দুর্ঘটনায় চালকের সরাসরি দায় না থাকলেও ক্ষুব্ধ মানুষ গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, মালিক, যাত্রী ও পথচারী—সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, চালক ও সহকারীদের প্রশিক্ষিত এবং পেশাদার করে গড়ে তুলতে পারলে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এতে তাদের পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রাখবে।
চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে গত জুলাই থেকে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জেলা প্রশাসক জানান, সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত ও খেজুরতলীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। হোটেল-রেস্তোরাঁগুলোতেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালানোর পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ এ টার্মিনাল ব্যবহার করেন। এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে টার্মিনালটির যাত্রা শুরু হলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর ওপর নির্ভর না করে পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রীদেরও দায়িত্ব নিতে হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একদিন পরিষ্কার করে দায়িত্ব শেষ করলে চলবে না। পরদিন আবার ময়লা জমলে তা পরিষ্কারের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মানুষের অভ্যাসেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করা হলেও বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু থেকে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। সেই পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমান উচ্চতায় উন্নীত করা, বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান জেলা প্রশাসক। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট কমাতে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের এককভাবে টার্মিনাল পরিষ্কার রাখা কঠিন। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা এবং সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।

