টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে কমছে তেলের দাম

0
12

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধি এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসায় বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ইরানকে ঘিরে সংঘাত ও নৌপথের নিরাপত্তা উদ্বেগে শুক্রবার লেনদেনের শেষ দিকে তেলের দাম কিছুটা বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯২ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৯৮ সেন্ট হয়েছে।

দিনের শেষ দিকে দাম বাড়লেও সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম প্রায় ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছে। ফলে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেল।

মূলত সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা তেলের দাম কমার অন্যতম কারণ। হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি ফিরে এসেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি তুলনামূলক শক্তিশালী থাকায় বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবার ইয়েমেনের হুথি আন্দোলন সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ বিভিন্ন বন্দরের আশপাশে থাকা মানুষ ও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে আগুনে জ্বলছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের সদস্য দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উৎপাদন ও সরবরাহের বিষয়ে জোটের পরবর্তী পরিকল্পনা বিশ্ববাজারে তেলের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here